ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ চারজনের রিমান্ড

ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ চারজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ নির্দেশ দেন।


তারা হলেন এনসিপির ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানার যুগ্ম সমন্বয়কারী আব্দুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, এবং তাদের সহযোগী হাবিবুর রহমান ফরহাদ ও মোহাম্মদ আবু সুফিয়ান।


উল্লেখ্য, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি এর আগেও চাঁদাবাজির অভিযোগে ধানমন্ডি এলাকা থেকে আটক হয়েছিলেন। সে সময় এনসিপির আরেক নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছিলেন। সেই রাব্বিসহ পাঁচজনকে এবার ফের চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শিল্পী আক্তার গতকাল মোহাম্মদপুর থানায় এই মামলাটি করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত শাহিন তার গর্ভবতী স্ত্রীর প্রসবের জন্য হাসপাতালে আসেন। কর্তৃপক্ষের সব কাগজপত্রে স্বাক্ষর করার পর প্রসবের কাজ শুরু হয় এবং তাতে একটি মৃত সন্তান জন্ম নেয়। এই ঘটনার পরই শাহিন হাসপাতালের মালিকের ছেলের কাছে ২২ সেপ্টেম্বর বেলা ২টার দিকে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন।


মামলার অভিযোগ আরও উল্লেখ করা হয়, চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা হাসপাতালের যন্ত্রপাতি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষতি করেন। একপর্যায়ে তারা হাসপাতালের মালিকের ছেলেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। প্রাণের ভয়ে আসামিদের ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। এরপর তারা বিভিন্ন সময় ফোন করে অবশিষ্ট টাকা দাবি ও অন্যথায় মামলা করার হুমকি দেন। সর্বশেষ গতকাল আসামিরা আরও এক লাখ টাকা নেন এবং বাকি টাকা দ্রুত দেওয়ার জন্য চাপ তৈরি করেন।


এই পাঁচ অভিযুক্তকে গতকালই মোহাম্মদপুর থানা-পুলিশ আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত গতকাল তাদের কারাগারে পাঠিয়ে আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে আদালত চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান চারজনের রিমান্ডে নেওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑